মাওলানা আজাদ ছিলেন এক ক্ষণজন্মা বিস্ময়কর প্রখর মেধাবী মানুষ । সেই মেধার স্বাক্ষর তাঁর লেখার ছত্রে ছত্রে ভাস্বর। দ্বিতীয়ত তিনি ছিলেন একাধারে বাগ্মী, লেখক, চিন্তাবিদ, বিপ্লবী, রাজনীতিবিদ, সাহিত্যিক, সাংবাদিক ও কবি। একই ব্যক্তির মধ্যে এতগুলো গুণের সমাহার ঘটলে তাঁকে শুধু বিস্ময়কর বললে তাঁর প্রকৃত পরিচয় ফুটে ওঠে না। তিনি ছিলেন মহান সৃষ্টিকর্তার মহাবিস্ময়কর সৃষ্টিসমূহের অন্যতম। যুগ ও সমাজের প্রয়োজনে আল্লাহ তা'আলা সময়ে সময়ে এরূপ কিছু বিরল প্রতিভা সৃষ্টি করেন এবং তাঁদের দ্বারা এক একটি প্রতিষ্ঠানের কাজ করিয়ে নেন। সৃষ্টির আদি থেকে অব্যাহত কুদরতের মহিমা এটি।
মাওলানা আজাদ তাঁর সব ধরনের লেখায় একই রকম রচনাশৈলী ব্যবহার করেননি। পাঠকের শ্রেণি-পার্থক্য বিবেচনায় এক এক রচনায় এক এক রকমের ভাষাশৈলী ব্যবহার করেছেন। লেখার ধাঁচ ও ধারা পরিবর্তন করেছেন। তবে সর্বত্র তাঁর স্বাতন্ত্র্যের বিভা বিকশিত।
লিখেছেন — বইটির অনুবাদক মাওলানা আহমদ মায়মূন হাফিজাহুল্লাহ