'ইসলামী অর্থনীতির সহজ পাঠ' বইটির পাণ্ডুলিপি পাঠের সুযোগ হয়েছে। নামের সাথে বইয়ের উপস্থাপনা ও সহজবোধ্যতার মিল রয়েছে চমৎকারভাবে। অর্থনীতি শাস্ত্রটিকে একটি রসকষহীন জটিল শাস্ত্র মনে করা হয়। কিন্তু এই বইটি পাঠককে এমন কঠিন অনুভূতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে ইনশাআল্লাহ। বিষয়ের ব্যাপকতা ও গভীরতা সত্ত্বেও উপস্থাপনার সাবলিলতা বইটিকে সুখপাঠ্য করেছে বলে আমার মনে হয়েছে। লেখক মুফতী আব্দুল্লাহ মাসুম হাফিজাহুল্লাহ, আমি যাঁর সঙ্গধন্য সামান্য একজন ছাত্র।
অনেক কাছ থেকে উস্তাযে মুহতারামকে দেখার সৌভাগ্য হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। পাহাড় কেটে দুধের নহর বের করার প্রবাদের প্রতিচ্ছবি তিনি। অসাধ্য সাধন করা যাঁর প্রিয় অভ্যাস। কোনও কাজ শুরু করলে লাগাতার রোনাজারি ও বারবার সালাতুল হাজত পড়তে থাকেন।
আক্ষরিক অর্থেই বিষয়ের গভীরে তিনি এতটাই নিমজ্জিত হয়ে পড়েন যে, কখনও অসুস্থ হয়ে পড়েন। বক্ষ্যমাণ বইটিও একই ধারায় রচনা করে থাকবেন।
আমি উস্তাযের জন্য আফিয়াত কামনা করছি। আল্লাহ তা'আলা তাঁর কলমে-কালামে এবং খেদমতে আরও বরকত নসীব করুন।
মাওলানা লুকমান হাসান
শিক্ষক, জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকা।