গীবত ও কুদৃষ্টি
সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানী রহ.
ফুলদানী প্রকাশনী
মুহতারাম হাযেরীন! গীবতের আরেকটি বড় উৎস হচ্ছে গর্ব ও অহংকার। অহংকারের ফলেই মানুষ নিজেকে বড় ও অন্যকে ছোট ভাবতে শরু করে। নিজের সব কিছুকেই মনে হয় গুণ আর অন্যের সবকিছুকে মনে হয় দোষ। সে দোষের সত্য-মিথ্যা আলোচনায় মানুষ তখন এরকম পাশবিক পুলক অনুভব করে। অহংকারের জন্ম হয় বংশ গরিমা থেকে, সামাজিক প্রতিষ্ঠা থেকে, রূপ ও সৌন্দর্য থেকে কিংবা মেধা ও বিদ্যা-বুদ্ধি থেকে। কিন্তু একটু তলিয়ে দেখলেই দেখা যাবে সে, এসব নিয়ে অহংকারের মাধ্যমে নিজেকে নিজেই আমরা বোকা ও নির্বোধ প্রমাণ করছি। মানুষ মাত্র আদমের সন্তান।
কুরআন:- ১৩. হে মানুষ! আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পার। তোমাদের মধ্যে আল্লাহ্ নিকট সেই ব্যক্তিই অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকী। নিশ্চয়ই আল্লাহ্ সকল কিছু জানেন, সমস্ত খবর রাখেন। (সূরা হুজুরাত- ১৩)
হাদীস:- রসূলুল্লাহ সা. করেছেন, আরবের উপর অনারবের এবং অনারবের উপর আরবের, সাদার উপর কালোর এবং কালোর উপর সাদার কোন শ্রেষ্ঠত্ব নেই। তাকওয়া (পবিত্রতা ও খোদাভীতি) ই হলো শ্রেষ্ঠত্বের একমাত্র মানদণ্ড।
মুহতারাম হাযেরীন! শ্রেষ্ঠ বংশ কোরাইশের সন্তান হয়েও আবু জাহেলো অভিশপ্ত হলো। আর হাবসী দাস বেলাল হলেন রাসূলের মুয়াজ্জিন। হযরত ওমর যাকে সমীহ করে বলতেন, আমাদের ছাইয়েদ- সরদার। বংশ ও খান্দানের এ বিভক্তি সম্পূর্ণ কৃত্রিম। কেননা আদমের সন্তান হিসেবে সকলেই আমরা ভাই ভাই। তোমার গায়ের বর্ণ কৃষ্ণ। কিন্তু তোমাতে আমাতে তফাৎ কোথায়? আমরা উভয়েই আদমের সন্তান। আমি যেমন পেটে পায়খানা বহন করে ফিরছি, তুমিও তাই। আমি মুচির ছেলে আর তুমি রাজার ছেলে। তুমি আশরাফ, আমি আতরাফ। কিন্তু যখন মরবো তখন উভয়ই মাটির নীচে যাবো। উভয়ের শরীর-ই পঁচে দুর্গন্ধ ছড়াবে। অতএব, হে মাটির তৈরী আদম সন্তান! গর্ব কিসের। হে আল্লাহ! রাসূলুল্লাহ্ সা.-এর উসিলায় আমাদেরকে গীবত থেকে রক্ষা করুন।