সকল প্রশংসা আল্লাহ তায়ালার জন্য, আর দরূদ ও সালাম বর্ষিত হোক সৃষ্টিকূলের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সা.) এবং তার পরিবার-পরিজন ও সাথি-সঙ্গীদের উপর।
মানুষ আল্লাহ তায়ালার স্বীকৃত শ্রেষ্টজীব। আর মানবজাতিকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। ইরশাদ হয়েছে- "আমি মানব এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।"
সুতরাং মানবজীবনের একমাত্র উদ্দেশ্য হলো ইবাদত-বন্দেগী। আর আল্লাহর নিকট গ্রহণীয় ইবাদত হলো সেটাই যা ইসলামের নীতিমালা অনুসরণে হবে। দুনিয়ার জীবন সুন্দর করতে হলে সর্বক্ষেত্রে ইসলামের নীতিমালা অনুসরণ করতে হবে। কেননা আখেরাতের জীবনের সফলতা নির্ভর করে দুনিয়ার জীবনের সফলতা ও ব্যর্থতার উপর। তাই দুনিয়ার জীবনে চলাফেরা, কথা-বার্তা, আচার-আচরণ, মুআমালাত-মুআশারাত, লেনদেন, আদান-প্রদান ইত্যাদি বিষয়ে ইসলামী নীতিমালা অনুযায়ী জীবন যাপন করতে হবে। কিন্তু কজনইবা জানি, এ ক্ষেত্রে ইসামের কি? তাই এগুলো জানার জন্য আমাদের প্রয়োজন এমন একটি গ্রন্থের যা জীবনকে সঠিক পথে পরিচালনার দিকনির্দেশনা প্রদান করবে। আর তা হলো হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (র.) লিখিত আদাবুল মুআশারাত। যা আমাদেরকে এক্ষেত্রে সঠিকভাবে ইসলামি শরীয়াহ অনুযায়ী জীবনযাপন করতে সহায়ক গ্রন্থের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
বইটি অনুবাদ করার ক্ষেত্রে পাঠকদের কথা চিন্তা করে এতে কিছু বিষয় সংযোজন করা হয়েছে। আশা করি পাঠকশ্রেণি বইটি থেকে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ।