অজস্র সীমাবদ্ধতার ভিতর দিয়েই আমরা আমাদের বাংলাদেশকে তরুণদের স্বপ্নের জায়গায় নিয়ে যেতে চাই। তোমরা যে স্বপ্ন দেখছো, ওই স্বপ্নের জায়গায় পৌঁছে দিতে চাই। সেজন্য স্রেফ একশজন যোগ্য মাওলানা দরকার; পাঁচশো বা
একহাজারজন নয়। কারণ এতো যোগ্য লোক কাজে লাগানোর মতো জায়গা বাংলাদেশে নেই।
কয়েক বছর আগে আমরা কজন এক জায়গায় বসেছিলাম। কথা ছিল, এমন দশজন লেখকের একটি তালিকা তৈরি করার—লেখক বললেই যাদের নাম ও কীর্তি মানসপটে আভা ছড়াতে থাকে। কিন্তু আমরা পারিনি। এমন দশজন আলেম লেখককে খুঁজে পাইনি। এজন্য বলছি, একশজন যোগ্য লোক কম না; অনেক বেশি!
সবশেষে বলবো—প্রিয় পাঠ্য বানাব কুরআনুল কারিম ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম-এর সিরাত। কুরআন ও সিরাত যখন নিজের ভেতরে বসবে তখন সারা পৃথিবীর সমস্ত উন্নয়নের পেছনে ইসলামকেই ক্রিয়াশীল দেখতে পাবে। আমার মূল কাজ হলো কুরআন হাদিস বুঝা। সবসময়, সর্বাবস্থায় পড়বো।
ভালো লাগছে না, ভালো লাগার জন্য সিরাত পড়বো। ভালো লাগছে, কাজের প্রেরণার জন্য সিরাত পড়বো। আমি বিশ্বাস করি, পৃথিবীতে যে যেখানে আলো ছড়িয়েছে, তার পেছনে প্রিয় রাসুলের কোনো না কোনো আদর্শ ও শিক্ষাই নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে। রাসুলের সুন্নত অবলম্বনের কল্যাণেই তা সম্ভব হয়েছে।
মানুষকে কাছে টানার জন্য চারিত্রিক, নৈতিক ও মানবিক যত সৌন্দর্য আছে, সেটা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম-এর জীবনচরিত থেকেই উৎসারিত হয়েছে। কাজেই আমাদেরকে পবিত্র এই জীবনচরিত ধারণ করতে হবে। বাস্তব জীবনে সেটা সফলভাবে প্রয়োগ করতে হবে। তবেই সকল কর্ম-প্রচেষ্টা ও স্বপ্ন-সাধনা সফল হবে। আল্লাহ আমাদের তাওফিক দান করুন।
বই : কবি না কবিতা হবো
মুহাম্মদ যাইনুল আবিদীন