আল্লাহ তাআলা এ পৃথিবীতে তাঁর অফুরন্ত জ্ঞানভাণ্ডার সাধারণত আলেম সমাজের মাঝে বণ্টন করে পৃথিবীতে প্রকাশ করেন। কখনো এদের মধ্যে কিছু কিছু নির্বাচিত ব্যক্তির কলব ও দেমাগকে পরিপূর্ণ ঈমান, আমল, অনুপম চরিত্র ও ইখলাসের সাথে সাথে ইলমে নববীর এত বিশাল আকার বানিয়ে দেন যে, ইলমী আমলী অস্বাভাবিক শক্তিতে একজনই অগণিত আলেম ও ইলমী সংস্থার সমপরিমাণ কাজ আঞ্জাম দিয়ে ফেলে। তাঁর আধ্যাত্মিকতা, মা'রেফাত, ইসলাহ ও সংস্কারের উপকারিতা ভৌগলিক সীমারেখা ডিঙিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে।
আল্লাহ তাআলা দারুল উলূম দেওবন্দের মুহতামিম শাইখুল আরব ওয়াল আজম, আরেফ বিল্লাহ, কুতবুল ইরশাদ হাকীমুল ইসলাম হযরত আল্লামা কারী মুহাম্মদ তাইয়্যেব সাহেব রহ.- কে সে পর্যায়ের ব্যক্তিত্য দান করেছিলেন। হাজারো আলেমের সমপরিমাণ দীনি খেদমত তিনি একাই আঞ্জাম দিতে সক্ষম হয়েছেন। তিনি তাঁর যাদুময়ী কলম ও যবানে কুরআন-হাদীসের আলোকে ইসলামী আদর্শ ও শিক্ষার সঠিক ও হৃদয়স্পর্শী যে ব্যাখ্যা দিয়েছেন তা এই বইয়ে সংকলন করা হয়েছে।