গোটা বছরের বার মাস এবং বার মাসের ত্রিশটি দিন মহান আল্লাহর সৃষ্ট। তথাপি আল্লাহ তাআলা কতক মাস ও দিবস-রজনীকে বিশেষ ফযীলত ও বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। সেগুলোতে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছেন। যা যথাযথভাবে পালন করলে মানুষ স্বল্প পুঁজি নিয়ে অনেক পাথেয় অর্জন করতে পারে। পারে সামান্য প্রচেষ্টায় সফলতার পথে বহুদূর এগিয়ে যেতে।
কিন্তু পরিতাপের বিষয় হলো, ওই দিবস-রজনীগুলোর যথাযথ মূল্যায়ন এবং সুন্নত সম্মতভাবে সেগুলো যাপনের ব্যাপারে আমরা যথেষ্ট উদাসীন। কারও মধ্যে রয়েছে অতি শৈথিল্য প্রদর্শন। আবার কারও মধ্যে রয়েছে চরম সীমালঙ্ঘন। মূলত এ ব্যাপারে সঠিক জ্ঞানের অভাবই এ সবের অন্যতম কারণ। আর এ অভাব পূরণেই আমাদের এই আয়োজন।
ওই ফযীলতপূর্ণ দিবস-রজনীগুলোর যথাযথ মূল্যায়ন এবং সুন্নতসম্মতভাবে সেগুলো পালন সম্পর্কে 'ইসলাহী খুতুবাত'-এ প্রদত্ত শাইখুল ইসলাম মুফতী তাকী উসমানীর জ্ঞানগর্ভ ভাষণের বাংলা সংস্করণই হলো আমাদের এই গ্রন্থ। যার নাম দিয়েছি আমরা 'ফযীলতের দিবস- রজনী'। আশা করি পাঠক মাত্র এর সুফল লাভে ধন্য হবেন ইনশা আল্লাহ।
আমরা বইটিকে যথাসাধ্য সুন্দর ও নির্ভুল করার চেষ্টা করেছি, তা সত্ত্বেও যদি কোথাও কোন অসঙ্গতি দৃষ্টিগোচর হয়, তাহলে আমাদেরকে অবগত করলে পরবর্তী সংস্করণে শুধরে নিবো ইনশা আল্লাহ।
অবশেষে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানাই, তিনি যেন এই বইয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে কবুল করে নেন। আমীন।