মানবসৃষ্টির লক্ষ্য একমাত্র আল্লাহর ইবাদত। আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জনই মানবজীবনের আসল ও প্রধান লক্ষ্য। কিন্তু মানুষ দুনিয়ার ঝক্কি-ঝামেলায় আষ্টেপৃষ্ঠে জড়িত হয়ে স্বীয় লক্ষ্য হতে একেবারে উদাসীন। এর ফাঁকেও যারা ইবাদতগুযার- তারা ইবাদতকে শুধু ফরয নামায, রোযা, হজ, যাকাত ইত্যাদি পর্যন্তই সীমাবদ্ধ করে রেখেছে। এ ছাড়াও যে মুমিন জীবনের বাঁকে বাঁকে ছড়িয়ে আছে ইবাদত ও আমলের সুবিশাল ময়দান, এ ব্যাপারে অনেকেই বে-খবর। কিংবা জানা থাকলেও সেগুলোর ফযীলত, গুরুত্ব ও প্রতিদানের বিষয়টি অন্তরে জাগরূক না থাকায় সেগুলো বাস্তবায়নে মানুষ অগ্রসর হয় না। অথচ ছোট্ট একটি আমল দ্বারাই মিলতে পারে মুক্তির সনদ। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন- 'তোমরা নেকীর কোনো বিষয়কে তুচ্ছ মনে করো না।' এসব ছোট ছোট নেক আমলকে সন্নিবন্ধ করে পুস্তিকা আকারে পেশ করেছেন, জগদ্বিখ্যাত আলেমে দীন, শাইখুল ইসলাম মুফতী তাকী উসমানী দা. বা.। নাম রেখেছেন 'আসান নেকীয়াঁ' বইটি প্রথম যেদিন পড়েছি সেদিন থেকেই আমি এর ভক্ত হয়ে পড়েছি। যতবার পড়েছি অনুপ্রাণিত হয়েছি। কতো যে সহজ-সাবলীল অথচ আকর্ষণীয়ভাবে তিনি বিষয়গুলো উপস্থাপন করেছেন! যে কোনো পাঠক হৃদয়ে নাড়া না দিয়ে পারে না। তাই তখন থেকেই এর বঙ্গানুবাদ করে পাঠকের হাতে তুলে দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা পোষণ করি। দীর্ঘদিন পরে হলেও আজ এ আকাঙ্ক্ষা বাস্তবতার মুখ দেখতে পেল বলে আল্লাহর দরবারে জানাই অশেষ শুকরিয়া। আমরা এর নাম রেখেছি 'সহজ নেকী'।
বইটি পড়ে যদি একজন মুমিনের হৃদয়ে নেকী অর্জনের আগ্রহ জাগে তবে আমাদের শ্রম স্বার্থক বলে মনে করব।
আমরা বইটিকে যথাসাধ্য সুন্দর ও নির্ভুল করার চেষ্টা করেছি, তা সত্ত্বেও যদি কোথাও কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হয়, তাহলে আমাদেরকে অবগত করলে, পরবর্তী সংস্করণে শুধরে নিবো। ইনশাআল্লাহ!
অবশেষে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানাই, তিনি যেন এই বইয়ের লেখক, অনুবাদক, প্রুফ রিডার, প্রকাশক সহ সংশ্লিষ্ট সকলকে কবুল করে নেন। আমীন!