যে চিন্তা থেকে কাঁচাঘর পাকা করেননি
হযরত ওয়ালেদ ছাহেব রহ. বলেন, একদিন আমি হযরত মাওলানা সাইয়্যেদ আসগর হুসাইন ছাহেব রহ.-এর খেদমতে হাজির হলাম। দেখলাম, তাঁর কাঁচা ঘরটির বিপর্যস্ত অবস্থা। যখনই বৃষ্টি আসে, বিভিন্ন জায়গা থেকে ভেঙেচুরে পড়ে। হযরত মিয়া ছাহেব রহ. একবার এখানে সংস্কার করেন, তো আরেকবার ওখানে। আমি আরয করলাম, হযরত! আপনি একবার যদি বাড়িটি পাকা করে নিতেন, তাহলে নিত্যদিনের এই ঝামেলা থেকে বেঁচে যেতেন। তাছাড়া প্রতি বছর এর পিছনে যেই পরিমাণ টাকা ব্যয় হয়, তা জমা করা হলে কয়েক বছরে পাকা বাড়ি হয়ে যেতো।
হযরত মিয়া ছাহেব রহ. বললেন, ওহো, মুহাম্মাদ শফী! তুমি তো খুব বুদ্ধির কথা বলেছো! আমি বুড়ো হয়ে গেলাম, আজ পর্যন্ত কথাটা আমার মাথায় আসেনি।
আরয করলাম, হযরত, আপনি নারাজ হয়েছেন? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন।
তখন হযরত মিয়াঁ ছাহেব আমাকে দরজার বাইরে নিয়ে গিয়ে বললেন, দেখো তো, এ গলির এ-মাথা থেকে ও-মাথা পর্যন্ত কোনও পাকা ঘর চোখে পড়ে কি?
আমি বললাম, না হযরত, একটিও পাকা বাড়ি দেখছি না।
তিনি বললেন, তা হলে বলো তো, এসব কাঁচা বাড়ির ভেতরে আমার একটাই পাকা বাড়ি কেমন দেখা যাবে? কীভাবে আমি এ সব কাঁচা বাড়ির মধ্যে নিজ বাড়িটি পাকা করি?
-ইসলাম ও আমাদের জীবন : ১৫/২৭৩
বই থেকে