সীরাহ বলতে এমন একটি পথ বোঝায় যে পথের উপর দিয়ে একজন জীবনভর হেঁটে চলে। আচার-ব্যবহার, চাল-চলন, মনোভাব, জীবনযাত্রার ধরন, কাজকর্মের ধরন ও জীবনী সব সীরাহ-এর অন্তর্ভুক্ত। আল্লাহ নবিজির ব্যাপারে বলেছেন— "আমি তোমার নামকে উচ্চকিত করেছি।" যার নিদর্শন পাই নবিজিকে নিয়ে লেখা বিভিন্ন সীরাহ-তে।
"পেয়ারা নবি" ছোট পরিসরে লেখা সীরাহ। ৯৪ পৃষ্ঠায় নবিজির গোটা জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশ পরম যত্নে অঙ্কিত হয়েছে। নবিজির জীবন এতটাই বর্ণাঢ্য, বৈচিত্রপূর্ণ যে এক একটি পৃথক অংশ দিয়ে আলাদাভাবে লেখা যায়। নবিজি (সা.)-কে নিয়ে যত পড়ি জানা জিনিসও যেন নতুন লাগে। এখানেও ব্যতিক্রম কিছু নেই। প্রায় জানা জিনিসগুলোই আলোকপাত করা হয়েছে তবুও পড়তে আরাম। ১৪০০ বছর আগেই তিনি দেখিয়ে গিয়েছেন কীভাবে জীবনযাপন করা উচিত। একজন মুসলিমের মূল লক্ষ্য কী হওয়া উচিত। বলেছেন চাকচিক্যময় জীবন থেকে দূরে থাকতে। তিনি নিজেও সাদামাটা জীবন অতিবাহিত করতেন। সুন্দর আচরণ, মহানুভবতা দেখাতে কোনো কার্পণ্য করতেন না। যত পড়ছিলাম মুগ্ধতা নতুন করে আরও আচ্ছন্ন করছিল। প্রথম দুটি অধ্যায়ে নবিজি কেমন ছিলেন, তাঁর চরিত্র কেমন ছিল, তাঁর আদর্শ কেমন ছিল, প্রিয়জনদের সাথে তিনি কেমন আচরণ করতেন, তার মহানুভবতার এক ঝলক দেখানো হয়েছে। তৃতীয় অধ্যায়ে দেয়া নবিজির পক্ষ থেকে উম্মতদের জন্য কিছু অসিয়ত।
বইটি লিখেছেন সাইয়িদ আবুল হাসান আলি নদবি এবং সাইয়িদ মুহাম্মাদ রাবে হাসান নদবি। অনুবাদ করেছেন রফি উদ্দীন। অনুবাদ সহজ ছিল। তবে কিছু জায়গায় পড়ার সময় মনে হচ্ছিল শব্দের অলঙ্কার অনুপস্থিত। ছোটোবেলার বর্ননামূলক প্রশ্ন পড়ছি এমন অনুভূতি হচ্ছিল। প্রকাশনী হিসেবে হামামাহ্ একদম নতুন। তাদের প্রথম বই যে যত্ন সহকারে এনেছেন তা সম্পাদনাতেই বোঝা যায়। বইয়ের দামও রেখেছেন হাতের নাগালেই। মুদ্রিত মূল্য ২২০ টাকা। প্রোডাকশনও ভালো হয়েছে। সাধারণত বইয়ে সম্পাদক কিংবা অনুবাদের কথা আমি এড়িয়ে চলি। ব্যক্তিগতভাবে ভালো লাগে না। এখানে নেহাত মন্দ লাগেনি পড়তে। নতুন কয়েকটা সীরাহ সম্পর্কেও জানলাম। আপনারা চাইলে পড়তে পারেন। সীরাহ সম্পর্কে আরও ধারণা পাবেন।
পরিশেষে— সীরাহ কেন পড়বেন, কেন পড়া উচিত সে আলাপে যাচ্ছি না। একজন মুসলিম হিসেবে সীরাহ অবশ্যই অবশ্যপাঠ্য। যারা এখনো কোনো সীরাহ শুরু করেননি, ভাবছেন কোনটা দিয়ে শুরু করবেন তাদের জন্য "পেয়ারা নবি" বেস্ট অপশন। আশা করি আপনারাও মুগ্ধ হবেন।