ভূমিকা
কিছু কথা এমন থাকে, যা গেলা যায় না আবার উগরে ফেললেও মসিবত। গিলে ফেললে ফোঁড়া জিইয়ে রাখা হয়। কাজটি ভালো হয় না। ইনফেকশন হতে পারে। উগরে দিলে বন্ধ-স্বজনদের জন্য হজম করা একটু মুশকিল! বললেও বিপদ, না বললেও বিপদ।
বাংলাদেশের ইসলামি রাজনীতি, ইসলামি আন্দোলন এবং কওমি অঙ্গন নিয়ে বিক্ষিপ্তভাবে অনেক লেখা হয়ে যায়। কিছু লেখা অনলাইনে পাবলিশ করেছি। সেটাও একটু কাটছাট করে। আজকাল অনলাইনে গবেষকের অভাব নেই। ১৩ পারার হাফিজ, ২১ পারা থেকে তিলাওয়াত করলে ভুল ধরে বসে–‘কী সব হাবিজাবি বলেছেন! এগুলো কুরআনের কোথায় পেলেন! আমিও তো হাফিজ। কই! আমি তো পেলাম না! যত্তসব! বাংলাভাষায় একটি কথা আছে, সুখের কপাল ঝাড়ু দিয়ে চুলকানো। আমাদের অনেককে এই স্বভাবটা পেয়ে বসেছে। ব্যাপারটি আমাদের জন্য অলংকার হয়ে ইতিহাস হতে পারত–এমন বিষয়কেও আমরা কলঙ্কের ক্যানভাসে সাজিয়ে রাখি। ঐতিহ্যের আয়নায় কালি মেখে দিই; যে কালি আবার কলঙ্কের চেয়েও কালো হয়।
লেখাগুলো মলাটবন্দি করার আগে একটু ঢেলে সাজানো হয়েছে। একটু পরিমার্জন, একটু সংযোজন করা হয়েছে। কিছু লেখা অনলাইন পাঠকের কাছে পঠিত মনে হলেও নতুন মার্জনায় আবার পড়তে আশাকরি মন্দ লাগবে না।
রশীদ জামীল
নিউইয়র্ক