বই: অলসতার বিরুদ্ধে লড়াই
লেখক: মাহমুদ বিন নূর
প্রকাশনায়: রাইয়ান প্রকাশন
যখন আমাদের অন্তর কঠিন হয়ে যায়, তখন পাপ করেও অনুশোচনা হয় না, পাপকে পাপ মনে হয় না। গুনাহে জর্জরিত অন্তর কখনো বিচলিত হয় না। কারও মনে আঘাত করে, কাউকে কষ্ট দিয়ে, অবচেতন মন দুঃখ পায় না।
অন্তর কঠিন হওয়ার অনেক কারণ রয়েছে। তন্মধ্যে এটিও একটি যে, অলসতার কারণে অন্তর কঠিন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর একটি হাদিসের একাংশে বলা হয়-
وَلَا يَطُولَنَّ عَلَيْكُمُ الْأَمَدُ فَتَقْسُوَ قُلُوبُكُمْ كَمَا قَسَتْ .قُلُوبُ مَنْ كَانَ قَبْلَكُمْ
অনুবাদ : অলসতায় দীর্ঘ সময় যেন কেটে না যায়। তাহলে আপনাদের অন্তর কঠিন হয়ে যেতে পারে, যেমন আপনাদের পূর্ববর্তী একদল লোকের অন্তর কঠিন হয়ে গিয়েছিল।
[সহিহ মুসলিম,হাদিস-২৩০৯]
এখানে কতকদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে-'অলসতায় যেন দীর্ঘ সময় কেটে না যায়'। যদি অলসতায় দীর্ঘ সময় কেটে যায়, তবে আপনাদের অন্তর কঠিন হয়ে যেতে পারে। হাদিসের এই অংশ দ্বারা বুঝা যায়, অলসতার মাধ্যমে অন্তর কঠিন হয়ে যায়। আর অন্তর কঠিন হয়ে গেলে দুনিয়া-আখেরাত উভয় জগতেই ক্ষতিগ্রস্ত হতে হবে। সর্বাবস্থায় লাঞ্ছিত ও অপদস্ত হতে হবে।
সুতরাং, অলসতা এমন এক ব্যাধি, যার দ্বারা আমাদের অন্তরটাও কঠিন হয়ে যায়। আর কঠিন অন্তর আমাদের জীবন গঠনে সবসময় হুমকিস্বরূপ। তাই, অলসতা থেকে বেঁচে থাকা এতটাই জরুরী যে, যতটা জরুরী নিজের অন্তরের পরিচর্যা করা।